বুধবার, অক্টোবর ৭, ২০২৬
No menu items!
spot_img

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৮।

সোমবার (৫ অক্টোবর) রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল এসআরবি-৮-এর একটি দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বাড়িতে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ৪ অক্টোবর সকালের মধ্যে কোনো এক সময় মামলার প্রধান অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা জেসমিন বেগমকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা প্রধান আসামিকে গ্রেফতারে এসআরবি-৮ অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮ বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এসআরবির সহায়তায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular