পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অভিযোগ, বাবার দাফন ও পারিবারিক কাজে বাড়ি ফাঁকা থাকার সুযোগে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি স্বর্ণের গলার চেইন চুরি হয়েছে। চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকারের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৬৫ হাজার টাকা।
এ ঘটনায় গত বুধবার (৭ অক্টোবর) পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. মিজানুর রহমান খান (৪৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকালে মিজানুর রহমানের বাবা মারা যান। বাবার দাফন ও পারিবারিক কাজে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৈতৃক বাড়িতে চলে যান। এ সময় তার নিজ বসতঘরটি তালাবদ্ধ ছিল।
মিজানুর রহমান জানান, বুধবার দুপুর ২টার দিকে ব্যাংকের চেক নিতে তিনি বাড়িতে ফিরে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে বাড়ির পেছনের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পেছনের কক্ষের স্টিলের আলমারিতে রাখা ৩ লাখ ৩৫ হাজার টাকা ও দুটি স্বর্ণের চেইন খুঁজে পাননি। চেইন দুটির আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।
তার ধারণা, বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



