বরিশালের উজিরপুরে জানালার গ্রিল কেটে এক নারী ইউপি সদস্যের বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিতা রানী দাস শিকারপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
তিনি জানান, গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘর থেকে নগদ ৪৭ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
রিতা রানী দাসের ধারণা, চুরির আগে দুর্বৃত্তরা ঘরে স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে থাকতে পারে। এ কারণে এত বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেলেও পরিবারের কেউ টের পাননি। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।