কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন, গোপনে ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ তাইজুল ইসলাম মুসা (৪০) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন টিয়াখালী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তাইজুল ইসলাম মুসা পটুয়াখালীর মহিপুর থানাধীন মনসাতলী গ্রামের বাসিন্দা। তিনি আঃ রাজ্জাক মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শারীরিকভাবে অসুস্থ থাকায় লোকমুখে অভিযুক্ত তাইজুল ইসলাম মুসার কবিরাজি চিকিৎসার কথা জানতে পারেন ওই কিশোরী। সুস্থ হওয়ার আশায় তার কাছে চিকিৎসা নিতে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সহযোগীদের সহায়তায় সেসব ঘটনার ভিডিও ধারণ করে রাখেন অভিযুক্ত।
পরবর্তীতে কিশোরীর পরিবার বিষয়টি জানতে পেরে তাকে বিয়ে করার অনুরোধ জানালে তিনি তাতে অস্বীকৃতি জানান। উল্টো ধারণ করা ভিডিও বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে কিশোরী ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক থাকা প্রধান অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-৮।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।