পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছরের শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে শোকজ করা হয়েছে। অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলেছেন জেলা বিএনপি।
বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
শোকজ নোটিশে বলা হয়েছে, একজন ১২ বছর বয়সী শিশু ও তার মায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং এসংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। ঘটনাটিকে নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এটিকে অত্যন্ত গুরুতর ও অনভিপ্রেত বলা হয়েছে।
নোটিশে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে উদ্দেশ করে বলা হয়েছে, উক্ত ঘটনার প্রেক্ষাপটে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।
এর আগে শুক্রবার রাতে মানিব্যাগ চুরির অভিযোগে শিশু জিসান (১২) ও তার বিধবা মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও তার ভাই আব্দুল হাই তালুকদারের বিরুদ্ধে। মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।