বুধবার, নভেম্বর ১১, ২০২৬
No menu items!
spot_img

পিরোজপুরে শিক্ষিকা ও ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের ভেতরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী এবং এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে টিফিনের বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, লাইব্রেরিতে নিয়ে ওই শিক্ষক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন।

এ ঘটনায় শিক্ষার্থীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে একই দিন প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির বিধিবিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়ম ও প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল।

অন্যদিকে, উপজেলার ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান জানান, কাউখালী উপজেলার দুটি বিদ্যালয়ে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে দ্রুত তদন্ত করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular