বরিশাল নগরীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন ভাটারখাল এলাকায় মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ বরিশাল ড্রেজার বেসের প্রধান ফটকের সামনের পাকা সড়কে অভিযান চালায় বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান সাহিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহিদ বরগুনা জেলার বেতাগী থানার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
