পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহের সময় বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করার পাশাপাশি এই পরোয়ানা জারি করেন। মামলা নম্বর সিআর-৫১২/২৬।
অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর দুপুরে উপজেলার কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক আবু তাহের। তিনি স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ তাঁকে ভিডিও ধারণে বাধা দেন এবং পরে তাঁর ওপর হামলা চালান। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন। এ সময় মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন তিনি। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।
অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে বসবাস করছেন।
ঘটনার দিনই হামলার শিকার হওয়া সাংবাদিক রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিএইচএস নিউজকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।
