এইমাত্র
পটুয়াখালী

ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর ছাত্রলীগ নেতা মহসিন

রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ মহসিন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরজাহান রোডের তেহারি ঘর নামের একটি খাবার হোটেল থেকে মহসিনকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়।

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এ উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ঢাকায় মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

এডিসি জুয়েল রানা আরও জানান, মহসিনের মোবাইল ফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও সক্রিয় ছিলেন তিনি।