তরুণ-তরুণীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান।
বুধবার (১৮ নভেম্বর) নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, তরুণ-তরুণীদের নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে এগিয়ে আসতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোশতাক আহমেদ, সেভ দ্য চিলড্রেনের সেক্টর লিড নিশাত আফরোজ মির্জা, চেম্বার অব কমার্সের সভাপতি ওবায়দুল হক খান এবং সুইসকন্টাক্টের প্রতিনিধি মো. মকবুল হোসেন। এ আয়োজনে ভোলা, মুলাদী, বরিশাল ও বাকেরগঞ্জ থেকে ২৭ জন তরুণ অংশগ্রহণ করেন।
