এইমাত্র
পিরোজপুর

পিরোজপুরে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও যুবদল। বুধবার (১৮ নভেম্বর) দিনের দুটি সময়ে পৃথক কর্মসূচি পালন করা হয়।

বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে কৃষ্ণচূড়া মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান এবং সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে আরেকটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত উদ্দিন বেপারী, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী তোফাজ্জল হোসেন টুলু এবং কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি চান সরদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদও জানান তাঁরা। দেশের স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।