ভোলার বোরহানউদ্দিনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুনিল পন্ডিত বাড়ির সামনে বোরহানগঞ্জ থেকে গ্যাসফিল্ডগামী পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— জেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকার মো. নাছির আহম্মদ ও মাকসুদা বেগমের ছেলে মো. ইউসুফ (৩০) এবং বোরহানউদ্দিন থানার টবগী এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়া ও ফুলজানের ছেলে আবদুল মান্নান (৫০)।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ভোলা ডিবির এসআই মো. আবু ইউসুফ। সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লিখিত স্থান থেকে ১০০ পিস ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলে বিএইচএস নিউজকে জানিয়েছে পুলিশ।
