বরিশালের হিজলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক রাজনৈতিক পোস্ট ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা কার্যালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের নাম নুর মোহাম্মদ আকন। তিনি উপজেলার বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ রয়েছে, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ। দেশের জনগণ শান্তিতে নেই, প্রশাসনও কথা শোনে না। প্রশাসনও বিএনপির দালালি করে।’
এ ছাড়া ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ স্বাধীন। এক এক করে সব দখল করে নিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন কর্মসূচি-সংক্রান্ত একাধিক পোস্ট শেয়ার করার বিষয়টিও নজরে এসেছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার বিএইচএস নিউজকে জানান, বিষয়টি অনেকে তাঁকে অবহিত করেছেন। ওই শিক্ষককে মোবাইল ফোনে পাওয়া যায়নি। তাঁকে সংবাদ পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর ওই শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিএইচএস নিউজকে জানান, তিনি পোস্টগুলো দেখেছেন। যেহেতু ওই শিক্ষক একটি দপ্তরের অধীনে কর্মরত, তাই সংশ্লিষ্ট দপ্তর আইনগত সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
