এইমাত্র
কাউখালী

কাউখালীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার কুমিয়ান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জহির উদ্দিন আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে কাউখালী উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু ও আমরাজুড়ী ফেরীঘাটসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাহারা বসানো হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানি দেওয়ার ঘটনা ঘটে; এর পর রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিএইচএস নিউজকে জানান, নাশকতা করার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে; জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বিএইচএস নিউজকে বলেন, জননিরাপত্তার স্বার্থে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ তৎপর রয়েছেন তাঁরা।