এইমাত্র
বরগুনা

বরগুনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিন আসামির যাবজ্জীবন

বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নান্না মাঝি, একই ইউনিয়নের শিয়ালিয়া এলাকার মো. জাফর এবং ছোট তালতলী এলাকার কবির।

মামলার নথির বরাতে জানা গেছে, ভুক্তভোগী ওই সময় শিয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাতায়াতের পথে আসামিরা তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ও কুপ্রস্তাব দিতেন। এর জেরে ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাঁকে পাশের একটি কলাবাগানে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন।

সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হয়েছে এবং এ সময়ে আসামিরা দীর্ঘদিন হাজতবাস করেছেন। তাঁদের বিরুদ্ধে আগে কোনো মামলা না থাকা এবং বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত রায়ে আরও নির্দেশ দেন, আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। জরিমানার টাকা পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে সেই অর্থ আদায়ের জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।