বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানের মধ্যে ঢুকে পড়েছে। এতে এক দোকান মালিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি বার্থী বাজার অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মহাসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি দুটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এর মধ্যে একটি দোকান বন্ধ থাকায় অপর দোকানের মালিক আবুল কালাম গুরুতর আহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
একই দিন সকাল ১০টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় তেলবাহী লরির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালক ও হেলপারসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে লরি চালকের অবস্থা গুরুতর।
গৌরনদী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সিদ্দিকুর রহমান বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে পৃথক দুই ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও তেলের লরি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
