ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তামিম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলিবাড়ি এলাকার মোতাহারের ছেলে।
এ ঘটনায় তামিমের বন্ধু অমিত গুরুতর আহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আরশ আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বাড়ি থেকে বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। বাংলাবাজার এলাকায় পৌঁছানোর আগে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সরাসরি বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত অমিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে তার পরিবার তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
