এইমাত্র
বরিশাল সদর

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের তিনতলা ভবনটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ৪০ থেকে ৫০ জনের একটি দল ভবনটিতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। হামলাকারীরা ভবনের জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বিএইচএস নিউজকে জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে; তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং ভবন কমপ্লেক্সের অন্য অংশে বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারের কেউ ওই বাড়িতে বসবাস করছেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।