এইমাত্র
গৌরনদী

গৌরনদীতে হাতের রগ কাটার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

বরিশালের গৌরনদীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় চা দোকানি মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনার প্রধান আসামি মুন্না খানকে (২৪) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাবের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার ১১ দিন পর ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুন্না খান গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাবুল খানের ছেলে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গৌরনদীর সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, গত ৭ নভেম্বর মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুজ্জামান বেপারী বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেন।

গত ৭ নভেম্বর শনিবার বিকেল তিনটার দিকে নলচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কে সাইকেলযোগে নলচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন মানিক বেপারী। পথে কলাবাড়িয়া গ্রামের ৮ থেকে ১০ জনের একটি দল তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। হামলায় তার হাতের কবজিতে গুরুতর জখম হয়। আহত মানিক বেপারীকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, গত ৫ নভেম্বর মানিক বেপারীর দোকানে বসে মাদক বিক্রির বিষয়টি দেখে তিনি প্রতিবাদ করেছিলেন।

গ্রেফতারের পর মুন্না খানকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাতে হাতিরঝিল থানা পুলিশ তাকে সরিকল তদন্ত কেন্দ্রের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার ভোরে তাকে গৌরনদীতে নিয়ে আসা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে মুন্না খান ও তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।