পায়রা সেতুর টোল প্লাজায় টোল দিতে বলায় দায়িত্বরত এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তিনটি টয়োটা জিপের টোল আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তিনটি টয়োটা জিপ নিয়ে পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে টোল আদায়কারীরা গাড়ি থামিয়ে টোল দাবি করেন। টোলমুক্ত দাবি করা নিয়ে কাউন্টারের টোল কালেক্টর চঞ্চল সরকারের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা চঞ্চল সরকারকে গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
ডাকাডাকি শুনে দায়িত্বে থাকা সুপারভাইজার আউয়াল এগিয়ে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে কয়েকজন তাঁকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁরা গাড়ি নিয়ে বরিশালের দিকে চলে যান।
আহত সুপারভাইজার আউয়ালের অভিযোগ, তিনটি গাড়ির টোল চাইতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। তাঁকে প্রকাশ্যে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি টোল আদায়কারী ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট ইস্টার্ন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশন সজল বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বিএইচএস নিউজকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের অনুমতি পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার বিএইচএস নিউজকে বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। তাঁদের সঙ্গে শুধু কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তাঁর দাবি, সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে গাড়িগুলো টোলমুক্ত করা ছিল। টোলমুক্ত গাড়ি আটকে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
