ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাকিয়া আক্তার রিভা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে বাংলাদেশ গণিত সমিতি আয়োজিত এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার এবং তৃতীয় হন একই বিভাগের মোছা. ইসরাত জাহান।
অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবীর। বিজয়ীদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক। সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক আছমা আক্তার আখি।
অলিম্পিয়াডে বিজয়ী অন্য শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোছা. মেঘলা পারভীন ও মেহজাবিন আশরাফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাবনী আক্তার শিমলা, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সুমাইয়া আক্তার নিশি, মৃন্ময় দাস পিউ ও সাজিয়া ফারুক ঐশী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোদেলা সরকার।
