এইমাত্র
বরগুনা

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক

বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার সামনে লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা এ অভিযান চালান।

ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগ, কাজটি বাস্তবায়নের শুরু থেকেই উপসহকারী প্রকৌশলী রুবেল খান মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। তাঁর চাহিদামতো ঘুষ না দেওয়ায় তিনি ঠিকাদারকে নানাভাবে হয়রানি করছিলেন এবং কাজটি সঠিকভাবে বাস্তবায়ন করতে দিচ্ছিলেন না। বিল আটকে রেখে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে ঠিকাদার গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ দাখিল করেন।

দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বিএইচএস নিউজকে জানান, অভিযোগের পর রবিবার আমতলীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটকের পর রবিবার দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।