২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৭২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে বরিশাল বোর্ডের এ তথ্য জানা গেছে।
বরিশাল বোর্ডে এবার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ১২ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। তাঁরা মোট ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ২২ দশমিক ৫৫ শতাংশ।
দেশের ১১টি বোর্ডে এবার মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
