এইমাত্র
পটুয়াখালী

সাংবাদিককে মারধরের পরদিন তাঁর বিরুদ্ধেই সাইবার মামলা

পটুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদারকে মারধরের পরদিন তাঁর বিরুদ্ধেই সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির জেলা যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন।

মামলার বাদী রুশদা ইসলাম অভিযোগ করেন, গোপাল হালদার তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছিলেন। ২২ নভেম্বর রাতে ফেসবুক মেসেঞ্জারে গোপাল তাঁকে একটি সম্পাদিত অশ্লীল ভিডিও পাঠান বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে বড় চৌরাস্তায় গোপাল তাঁর ওপর হামলা করেন বলেও অভিযোগ করেন রুশদা। তাঁকে রক্ষা করতে গিয়ে মারুফ হাসান নামে একজন আহত হন বলে দাবি করেন তিনি।

গোপাল হালদার বিএইচএস নিউজকে বলেন, ছাত্রশক্তির এক নেত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার খবর যাচাই করতে তিনি এক সহকর্মীকে পাঠিয়েছিলেন। ভিডিওটি কে ছড়িয়েছেন কিংবা সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিএইচএস নিউজকে জানান, এক নারী জুলাই যোদ্ধা বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন। সাংবাদিকের পরিবারও অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিএইচএস নিউজকে বলেন, একই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হতে পারে। সে ক্ষেত্রে দুটি মামলারই তদন্ত করা হবে। প্রত্যেক নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।

এদিকে আজ বুধবার বিকেল ৪টার দিকে শহরের বড় চৌরাস্তায় গোপাল হালদারের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের বড় চৌরাস্তায় গোপাল হালদারের ওপর হামলা হয়। হামলায় তাঁর বাম পা ভেঙে যায়। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।