এইমাত্র
বরগুনা

তালতলীতে নবজাতক দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে জামাইকে মারধর, মা-বাবাও লাঞ্ছিত

বরগুনার তালতলীতে নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক জামাই। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁর মা-বাবাও। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামাই আবুল বাশার একই ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের আহম্মদ হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রী হাফিজা বেগম নকরী গ্রামের শাহ আলমের মেয়ে।

প্রায় এক সপ্তাহ আগে অস্ত্রোপচারের মাধ্যমে আবুল বাশার ও হাফিজা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের দুই দিন পর নবজাতককে নিয়ে বাবার বাড়িতে যান হাফিজা। বৃহস্পতিবার সন্ধ্যায় নবজাতককে দেখতে শ্বশুরবাড়িতে যান আবুল বাশার। সেখানে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে আবুল বাশারকে মারধর করেন। খবর পেয়ে তাঁর মা-বাবা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

আবুল বাশার বিএইচএস নিউজকে বলেন, “নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। বড় ছেলের মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে আমার রাগারাগি হয়। কিছুক্ষণ পর শাশুড়ি এসে আমাকে অশালীন ভাষায় কথা বলেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারধর করেন।”

আবুল বাশারের বাবা আহম্মদ হাওলাদার বিএইচএস নিউজকে বলেন, “ছেলেকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার পর কিছু বুঝে ওঠার আগেই ছেলের শ্বশুরবাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমাদের মারধর করা হয় এবং কাপড় খুলে অপমান করা হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর শাহ আলম। তিনি বলেন, “জামাই আমাকেসহ পরিবারের লোকজনকে মারধর করেছেন। এর পরই মারধরের ঘটনা ঘটে।”

প্রত্যক্ষদর্শী মো. সোবাহান বলেন, “আবুল বাশারের শ্বশুর শাহ আলম দোকানে এসে জানান, তাঁর জামাই তাঁকে মারধর করেছেন। এরপর সেখানে জড়ো হওয়া লোকজনের কয়েকজন আবুল বাশারকে মারধর করেন।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।