বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পরিবারের ভবনের প্রধান ফটকে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা ব্যানার টাঙিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ভবনটির মূল ফটক ও দেয়ালে ব্যানার টাঙিয়ে তারা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেন।
সরেজমিনে দেখা যায়, ভবনটির মূল ফটকের এক পাশে লাল অক্ষরে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ এবং অন্য পাশে ‘এই সেই সিরিয়াল কিলার জিয়াউল আহসান’ লেখা দুটি বড় ব্যানার টাঙানো হয়েছে। সীমানাপ্রাচীরে টাঙানো আরেকটি ব্যানারে ২০১২ সালে বরিশালে ছাত্রদলের দুই সহোদর নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানকে গুম করার ঘটনা উল্লেখ করে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার দুই ভাইয়ের মা ফিরোজা বেগম। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি বলে বিএইচএস নিউজকে জানান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন তিনি।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানান তিনি।
পরে বিক্ষুব্ধরা বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা নামফলক দেন। ভবনের পূর্ববর্তী নাম কালি দিয়ে মুছে ফেলা হয়। এ সময় জিয়াউলের ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার চলছে। ২০২৪ সালের ৬ আগস্ট তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৯ নভেম্বর বিকেলে একদল বিক্ষুব্ধ লোক ওই ভবনটিতে ভাঙচুর ও নিচতলার একটি কক্ষে অগ্নিসংযোগ করেছিল।
