এইমাত্র
পটুয়াখালী

দশমিনায় পরিসংখ্যান কার্যালয়ে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের সরকারি বাজেট বরাদ্দের টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে কার্যালয়টির সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হকের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে মনিহারি খাতে ৩০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী কেনায় ১৮ হাজার টাকা, অনুষ্ঠান ও উৎসব খাতে ১৪ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার টাকা, কম্পিউটার মেরামতে ৪ হাজার টাকা, আসবাবপত্র মেরামতে ৩ হাজার টাকা এবং বইপত্র খাতে ১ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করা হয়। সব মিলিয়ে ৭৬ হাজার ৭০০ টাকা।

অনুসন্ধানে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে কোনো অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠিত হয়নি। এমনকি উপজেলায় পরিসংখ্যান দিবসও পালন করা হয়নি। এরপরও অনুষ্ঠান ও উৎসব খাতের ১৪ হাজার টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

অন্যদিকে, কার্যালয়টির প্রায় ২৯ মাসের বিদ্যুৎ বিল বাবদ ৮ হাজার টাকা বকেয়া ছিল। মনিরুল হক কর্মস্থল ত্যাগের সময়ও ওই বিল পরিশোধ করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়; এখনো ২ হাজার টাকা বকেয়া রয়েছে।

এর আগে নৌযান শুমারির কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার খাবারের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে গত ১৮ অক্টোবর তাঁকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়। গত ২৯ অক্টোবর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ছেড়ে যাওয়ার পর বরাদ্দের অর্থ আত্মসাতের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মনিরুল হক বিএইচএস নিউজকে বলেন, “আমি কোনো অর্থ আত্মসাৎ করিনি। কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে গিয়েছিল। পরে গত মঙ্গলবার তা পরিশোধ করে দিয়েছি।”

এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক নাজমুল হক বিএইচএস নিউজকে জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন। আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।