পটুয়াখালীর বাউফলে জামায়াতের মিছিলে বিএনপির হামলায় নারীসহ ২৫ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনি প্রচার থেকে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা-ভাঙচুর চালিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা। এতে ১২ জন আহত হয়েছেন। ঝিনাইদহ ও টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ১১ জন আহত হয়েছে। বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বাউফল (পটুয়াখালী) : বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় রোববার জামায়াতের নির্বাচনি মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলায় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জামায়াত বাউফল শহরে বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির কর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার ভোটের প্রচারে বের হলে জামায়াত কর্মীরা থানার সামনে তার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। প্রায় আধাঘণ্টা পর তার গাড়ি ছেড়ে দেন জামায়াত কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে চন্দ্রদ্বীপের চরওয়াডেল বাজার থেকে দাঁড়িপাল্লার শতাধিক সমর্থক মিছিল বের করেন। মিছিলটি ভান্ডারি বাজার অতিক্রম করার সময় পেছন থেকে ধানের শীষের অর্ধশতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় আহতদের মধ্যে জামায়াতের পাঁচ ও বিএনপির একজনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় জামায়াত নেতার দাবি করেন, বিএনপি নেতা মুনির হোসেন ও তার ছোট ভাই তাহেরের নেতৃত্বে ৫০-৬০ জন ধানের শীষের কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ হামলায় জামায়াতের চন্দ্রদ্বীপ ইউনিয়নের সেক্রেটারি আমিনুল ইসলামসহ ২৫ জন আহত হয়েছে। হামলার খবর শুনে আমিনুল ইসলামের স্ত্রী সাহেদা বেগম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে থেকে বিচ্ছিন্ন হওয়ায় আহতদের অনেকেই শহরে এসে চিকিৎসা নিতে পারেননি। অভিযোগ অস্বীকার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ধানের শীষের কর্মী দেলোয়ার হোসেন বলেন, ভান্ডারিয়া বাজারে তারা ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় জামায়াতের কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় তিনিসহ তাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদার।
আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১২: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। রোববার বিকালে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে আড়াইহাজারের দুপ্তারা বাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালায়। এতে গাড়িতে থাকা ১০-১২ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেন আঙ্গুর। তিনি বলেন, হামলায় পাঁচ-ছয়টি হাইয়েস মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঙ্গুর অভিযোগ করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব ও শুটার রনির নেতৃত্বে দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম (তাজুল), সাধারণ সম্পাদক রতন, একই ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার এবং খোকন, রাব্বি মঈনুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তবে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার বিষয়টি আমার জানা নেই।
কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি অফিস ও সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক হামলা-ভাঙচুর করা হচ্ছে। রোববার দুপুরে শহরের থানা রোডে প্রধান নির্বাচনি কার্যালয়ে এসব নিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
তিনি অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নলডাঙ্গা বাজারে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসে থাকা ৫ নস্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফিরোজের কর্মী ওয়াজ্জেদ হোসেন, তার ছেলে বাদশা ও আহাদ, খড়াশুনী গ্রামের রাজ্জাকের ছেলে শামীম ও শ্রীমন্তপুরের আয়নালের ছেলে জনিকে পিটিয়ে আহত করা হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান দাবি করেন, তার নেতাকর্মী, সমর্থকেরা হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। স্বতন্ত্র প্রার্থীর লোকজনই নিজেদের অফিস-ব্যবসাপ্রতিষ্ঠান নিজেরাই ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর অনুসারীদের হামলায় বিএনপি প্রার্থীর পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাতেই আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয় এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার কালিহাতী থানায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ বাদী হয়ে ৬৭ নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় আব্দুল মজিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুল মজিদ লুহুরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পর বিএনপির ১০-১২ জন নেতাকর্মী লুহুরিয়া বাজারে ধানের শীষের নির্বাচনি প্রচারে যান। তখন স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বিএনপি নেতাকর্মীরা কালিহাতীতে প্রতিবাদ মিছিল বের করেন।
বগুড়া: শেরপুরে বিএনপির নির্বাচনি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা প্রতিপক্ষ জামায়াতে ইসলামীকে দায়ী করছেন। এ ব্যাপারে থানায় ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বাছেদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার বিকালে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে স্থানীয় জামায়াতের আমির জাহাঙ্গীর আলম বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই কেন্দ্রে আমাদের বিজয় নিশ্চিত জেনে বিএনপি নিজেরাই আগুন লাগিয়ে আমাদের দোষারোপ করছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, স্থানীয় বিএনপির নির্বাচনি আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।