বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২০ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল স্বাক্ষরিত এক আদেশে তাকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
অফিস আদেশে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহারের কথা উল্লেখ করা হলেও এনামুল হকের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও নারী বাদীর প্রতি আপত্তিকর মন্তব্যের একাধিক গুরুতর অভিযোগ ছিল। সম্প্রতি এক নারী বাদীর সঙ্গে তার অশালীন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভুক্তভোগী এক নারী অভিযোগ করেন, মামলা করতে গিয়ে তিনি ওসির কাছে অপদস্ত হন। তার দাবি, ওসি তাকে ‘ইবলিশ’ ও ‘মাল’ বলে সম্বোধন করেছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে সরকারি মুঠোফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করতেন না বলে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ ছিল। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা না নেওয়া এবং নারী বাদীদের নিয়ে কটূক্তি করার বিষয়টিও আলোচনায় আসে।
পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরী ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি আদেশ অনুযায়ী তাকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে