মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের অভিযানে হামলা, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি করে কোস্টগার্ড।
পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ২ জেলেকে আটক এবং জব্দ করা হয় দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর সাওরা এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ২ জেলের নাম সালাহউদ্দিন চৌকিদার ও মো. শাহ আলম। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের একটি দল মেঘনা নদীতে টহল দিচ্ছিল। নদীর সাওরা এলাকায় পৌঁছালে কয়েকটি নৌকায় একদর জেলে লাঠিসোঁটা ও ইট নিয়ে কোস্টগার্ড সদস্যদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জেলেদের ধাওয়া করে।
খবর পেয়ে মৎস্য দপ্তরের একটি অভিযানিক নৌপুলিশসহ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় জেলেরা তাদেরকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে স্পিডবোটটির সামনের কাচ ও হর্ন ভেঙে যায়। পরে ধাওয়া করে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২ জেলেকে আটক করা হয়।
এ ছাড়া নদীতে ফেলে দেওয়া কারেন্ট জাল ও মাছ উদ্ধার করা হয়। জব্দ মাছ এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।