সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। তিনি বলেন, একটি শিশুর জন্মের পর তার পরিচয় ছেলে না মেয়ে এটি কখনোই তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না। প্রতিটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সমান অধিকার রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী সুজা বলেন, বাস্তবতায় এখনো অনেক কন্যাশিশুকে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সামাজিক কুসংস্কার, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা তাদের স্বাভাবিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক পরিবারে ছেলেদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ও পারিবারিক দায়িত্বের চাপ তৈরি হয়। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর পড়াশোনা মাঝপথে থেমে যায়।
তিনি আরও বলেন, একজন কন্যাশিশুকে বিদ্যালয়ে পাঠানো মানে শুধু তাকে বই পড়ানো নয়, বরং তার সামনে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ তৈরি করা। শিক্ষা কন্যাশিশুকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায় এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করে। তাই প্রতিটি কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‘স্বপ্ন দেখার অধিকার সবার, ফুল ছুঁয়ে দেখবে আরেক ফুলকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজিরপুর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবদুল গাফফার চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন শরীফ ও সাধারণ সম্পাদক সরদার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উজিরপুরে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়।