নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গলাচিপা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে রাইটস যশোর। সভাটি সঞ্চালনা করেন রাইটস যশোরের প্রকল্প সমন্বয়কারী দেবব্রত ঢালী।
সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার, বিদেশগামীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, পটুয়াখালী জেলার মধ্যে গলাচিপা উপজেলায় অনিয়মিত পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। এ কারণে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি।
সভায় অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা সহজলভ্য করা, বিদেশফেরত অভিবাসীদের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত প্রত্যাগত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এ ছাড়া নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনঃএকত্রীকরণ কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন অংশীজনেরা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিসির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. শাহরিয়ার হোসেন, ডেমোর প্রতিনিধি, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক, আইওএমের প্রতিনিধি রুহিদাস পাল ও তাহেরা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিনিধিরা।
