বরগুনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করে আইডিইবি বরগুনা জেলা কমিটি। মঙ্গলবার সকাল ১০টায় বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আইডিইবি কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি প্রকৌশলী নিজাম উদ্দিন। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া এবং কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য প্রকৌশলী সৈয়দ রাসেদুল হাসান রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রেজাউল করিম।
র্যালি ও আলোচনা সভায় বরগুনা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
