এইমাত্র
বরিশাল সদর

বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার

বরিশাল প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা তালাবদ্ধ বিএমএফ পরিবহনে (রেজিস্ট্রেশন নং বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্কিং করা পরিবহনের জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেয়া হয়। এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অপরদিকে রাত সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব অপকর্ম করেছে। তবে পৃথক এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।