এইমাত্র
ঝালকাঠি

কাঠালিয়ায় ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকায় তুষার চত্বর থেকে নতুনহাটগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঠালিয়া থানা পুলিশের একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ছোনাউটা এলাকায় আইউব আলী খানের অব্যবহৃত পুকুরের উত্তর পাশে সড়কে কয়েকজনের ইয়াবা কেনাবেচার তথ্য পায় পুলিশ।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে মো. সুমনকে আটক করা হয়। স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে হাফ প্যান্টের পকেট থেকে সবুজ পলিথিনে মোড়ানো ২৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২ দশমিক ৫ গ্রাম।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে দুই পিস রাসায়নিক পরীক্ষার জন্য আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। বাকি ইয়াবা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়। গ্রেপ্তার সুমন ছোনাউটা এলাকার মো. জয়নাল মোল্লার ছেলে।

এ ঘটনায় কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর ১০, তারিখ ১৭ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে।