ভোলার চরফ্যাশনে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের বিরুদ্ধে গৃহীত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৭ নভেম্বর অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন তাঁর বিরুদ্ধে গৃহীত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন। পরদিন ১৮ নভেম্বর সমিতির সাধারণ সভায় তাঁর আবেদন পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত এক স্মারকে (নং-চ.আ.স/১১০/২৬) এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করার পর সাধারণ সভায় আলোচনার মাধ্যমে তাঁর বিরুদ্ধে গৃহীত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন বলেন, সমিতির স্বার্থে এবং আইনজীবীদের মানোন্নয়নের লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় তিনি সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির সব আইনজীবীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
