এইমাত্র
ভোলা

ভোলায় পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন: লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ৪৫৪

“সেবার ব্রতে চাকরি” — এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের (অক্টোবর-২০২৬) ভোলা জেলার তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (পিইটি) শেষ ধাপের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিনের পরীক্ষায় কঠোর শারীরিক সক্ষমতা যাচাই শেষে মোট ৪৫৪ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী প্রার্থী রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, নিয়োগ বোর্ডের সভাপতি ও ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়। তৃতীয় দিনের ইভেন্টের মধ্যে ছিল ১৬০০ ও ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং।

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরিচয় নিশ্চিতকরণ ও তথ্য নির্ভুলভাবে সংরক্ষণের লক্ষ্যে আধুনিক মুখাবয়ব শনাক্তকরণ (ফেস ডিটেকশন) প্রযুক্তির মাধ্যমে ছবি ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

তৃতীয় দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি প্রার্থীদের লিখিত পরীক্ষার নির্ধারিত ফি জমা দেওয়া এবং অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলি সম্পর্কে ধারণা দেন এবং লিখিত পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। তিনি কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন।