এইমাত্র
ভোলা

আঞ্জুরহাট বাজারে অবৈধ করাতকল, ধুলা ও কাঠের স্তূপে দুর্ভোগ

ভোলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট বাজারের সড়ক ও বসতবাড়ির আশপাশে অবৈধভাবে করাতকল স্থাপন করায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্য ও ব্যবসায়ীরা। বাজারের সড়কজুড়ে গাছের গুঁড়ি ও কাঠ ফেলে রাখায় ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, পাশাপাশি প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী ইব্রাহীম বেপারীর করাতকলটি আঞ্জুরহাট বাজারের ওপর স্থাপন করা হয়েছে। বাজারের গুরুত্বপূর্ণ সড়কের পাশে ছোট-বড় গাছের স্তূপ করে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। করাতকলের ধুলায় বাজারের ব্যবসায়ী ও আশপাশের বসতবাড়ির বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন; ধুলার কারণে গ্রামের শিশু, বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তিরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কঘেঁষা ও বসতবাড়ির পাশে করাতকল স্থাপন করে মালিকেরা সড়কজুড়ে কাঠের স্তূপ করে রেখেছেন। এতে করাতকলের ধুলায় বসতবাড়ির বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এ ছাড়া সড়কে কাঠের স্তূপ রাখায় স্থানীয় বাসিন্দা ও স্কুলগামী শিশুদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানালেও কোনো সমাধান পাননি।

প্রভাবশালী ইব্রাহীম বেপারীর মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় করাতকল স্থাপন করার নিয়ম নেই; তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আফরোজ বলেন, অবৈধ করাতকল স্থাপন দণ্ডনীয় অপরাধ; অচিরেই এসব করাতকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।