ঝালকাঠিতে সাদপন্থিদের তিন দিনব্যাপী জেলা ইজতেমা বন্ধের দাবি জানিয়েছেন উলামা-পীর মাশায়েখ, শুরায়ে নিজাম তাবলিগের সাথী ও তাওহিদি জনতা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে শুরায়ে নিজাম তাবলিগ জামাতের সদস্য আইয়ুব খান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় শতাধিক উলামা-মাশায়েখ ও তাবলিগের সাথী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সাদপন্থিরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং উলামা-মাশায়েখদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বক্তাদের ভাষ্য, আগামী ২৬ নভেম্বর থেকে তিন দিনের জেলা ইজতেমা আয়োজনের জন্য সাদপন্থিরা শহরতলির বিকনা স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছেন এবং এ আয়োজনের জন্য জেলা প্রশাসনের অনুমতি রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উলামা-মাশায়েখ, তাবলিগের সাথী ও ধর্মপ্রাণ মুসলমানরা এই ইজতেমার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁরা ঘোষণা দেন, কোনোভাবেই এই ইজতেমা করতে দেওয়া হবে না; প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করা হবে। একই সঙ্গে জেলা প্রশাসনের দেওয়া অনুমতি অবিলম্বে বাতিলের দাবি জানান তাঁরা।
অন্যদিকে সাদপন্থিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬, ২৭ ও ২৮ নভেম্বর তিন দিনব্যাপী ইজতেমা যেকোনো মূল্যে সফলভাবে সম্পন্ন করা হবে। কোনো বাধাই তাঁদের এ আয়োজন থেকে বিরত রাখতে পারবে না বলে তাঁরা জানিয়েছেন।
