এইমাত্র
ঝালকাঠি

কাঁঠালিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হেতালবুনিয়া এলাকার সেকান্দার আলী হাওলাদারের ছেলে মো. খলিলুর রহমান, বানাই এলাকার মৃত হাসেম তালুকদারের ছেলে মো. নুরুল ইসলাম তালুকদার এবং জাংগালিয়া এলাকার মো. বসির তালুকদারের ছেলে মো. ইয়াছিন তালুকদার।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. নুরুল ইসলাম তালুকদার ও খলিলুর রহমান এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে মো. ইয়াছিন তালুকদার আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিএইচএস নিউজকে জানান, গ্রেপ্তার তিন আসামিকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।