বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাঁও গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল খালেক মাঝি (৫৫) হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
আহত খালেক মাঝির ভাই ও উপজেলা যুবদল নেতা ছাত্তার মাঝি বিএইচএস নিউজকে জানান, তাঁদের পৈতৃক সম্পত্তির একটি জমি ইটভাটায় লিজ দেওয়া হয়েছে। বুধবার ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি ও আক্তার মাঝিসহ কয়েকজন ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ সময় তাঁর বড় ভাই বাধা দিলে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহিম মাঝি। তিনি বিএইচএস নিউজকে বলেন, খালেক মাঝি তাঁদের জমি দখল করে ইটভাটায় লিজ দিয়েছেন। জমির কাগজপত্র নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিএইচএস নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহত ব্যক্তির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
