সোমবার, আগস্ট ১০, ২০২৬
No menu items!
spot_img

ভারতে পালানোর সময় জহিরুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় আলোচিত জহিরুল শিকদার (৪৬) হত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদার (৪১) ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি আভিযানিক দল।

র‌্যাব-৮ সূত্র জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১ জুলাই রাতে জহিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে পশ্চিম গোয়াইল গ্রামের মসজিদের পাশের সড়কে তাকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে সেন্টু শিকদার লোহার রড দিয়ে জহিরুলের মাথায় আঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সেন্টুসহ অন্যান্য আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একপর্যায়ে সেন্টু সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব।

বরিশাল র‌্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব-৮, র‌্যাব-১, র‌্যাব-৩ ও র‌্যাব-১৪-এর একটি যৌথ অভিযানে দুর্গাপুরের বড় বাজার এলাকা থেকে সেন্টু শিকদারকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সেন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular