বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আদালতকক্ষে বিচারককে গালি ও দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে। ঘটনার পর আদালত তাৎক্ষণিকভাবে বশির নামের ওই আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে বরগুনা সদর আমলি আদালতে একটি সিআর মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে। বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, একটি মামলায় অস্থায়ী জামিনে থাকা বশিরের জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারকের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। উপস্থিত আইনজীবীরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।
পরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বশিরকে হাতকড়া পরানোর চেষ্টা করলে তিনি কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান বলে জানান এপিপি। বিচারকের উপস্থিতিতেই ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়।



