বরগুনার আমতলী পৌরসভার সদর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এতে দোকানগুলোর মালামাল ও ঘরসহ প্রায় ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর রোডে মেসার্স বাহার লাইব্রেরির বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন পাশের মা-বাবার দোয়া গার্মেন্টস ও নূর আলমের কসমেটিকসের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এর আগেই তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়।
বাহার লাইব্রেরির মালিক মো. ফয়সাল জানান, সকালে দোকান খুলে পরিষ্কার করার পর ভেতরে অবস্থান করছিলেন তিনি।
এ সময় বাইরে বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। কোনোরকমে দৌড়ে বের হয়ে প্রাণে বাঁচলেও লাইব্রেরির বই, খাতাপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ঘরসহ এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।নূর কসমেটিকসের মালিক মো. নূর আলম জানান, আগুনে তার দোকানের কিছুই অবশিষ্ট নেই।
এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।অন্যদিকে, মা-বাবার দোয়া গার্মেন্টসের মালিক মিলন হাওলাদার জানান, সকালে দোকান বন্ধ ছিল। আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখেন তার দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে তিনটি দোকানের মালামাল পুড়ে গেছে।তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।