মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরবাসীর বিনোদন ও শিশুদের খেলাধুলার সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ পৌরসভার একটি প্রকল্প সিপিসিআরপি (CPCRP)-এর আওতায় পার্কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান।
জানা গেছে, উপজেলার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন চুনাচর এলাকায় পার্কটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এ জন্য প্রায় ১ একর ৮৫ শতাংশ জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে নির্মাণকাজ শুরু হবে।
পার্কটি নির্মিত হলে শিশু-কিশোরদের খেলাধুলার পাশাপাশি পৌরবাসীর পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটানোর সুযোগ তৈরি হবে।
জমি অধিগ্রহণ ও পার্ক নির্মাণের উদ্যোগ পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ, ইউএনও মোঃ রিয়াজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।