বরিশালের মেহেন্দিগঞ্জে চিকিৎসাবঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য এসেছে সর্বাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ। আগামী শনিবার থেকে সেখানে দুই মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা চালু হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজটি উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে নোঙর করেছে। মধ্যপ্রাচ্যের দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত জাহাজটির নাম ‘কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল’ (কেএএপি-এমএইচবি-৫)।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরানুর হক জানান, প্রতিদিন ১৫০-২০০ রোগী এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন। নির্ধারিত দিনে চোখ, দাঁত ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন এবং ছোটখাটো অস্ত্রোপচারও বিনামূল্যে করা হবে। রোগীদের যাতায়াতের জন্য বিশেষ শাটল নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, জাহাজটি উপজেলা সদরে স্থাপনের চেষ্টা করা হলেও স্থানীয়দের আপত্তির কারণে বিদ্যানন্দপুরে নিতে হয়েছে। এতে সদর ও দক্ষিণপাড়ের ৪ ইউনিয়নের মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে। তবুও এ উদ্যোগে খুশি চরবাসী। স্থানীয় বাসিন্দা জয়নাল ও ফাতেমা বলেন, দীর্ঘদিন ওঝা-কবিরাজ নির্ভর থাকার পর অবশেষে আমরা সাময়িক সময়ের জন্য হলেও উন্নত চিকিৎসা পেতে যাচ্ছি।