বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল কম পাওয়া যাচ্ছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহও কিছুটা কমেছে।
চলতি মাসের শুরুতেই বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছিল ভোজ্যতেল পরিশোধন ও উৎপানকারী কোম্পানিগুলো। এর আগে প্রায় দুই মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম ছিল। মূল্যবৃদ্ধির পর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেশ কিছুদিন ঠিক ছিল। এখন আবার কমেছে।
বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা মুদিদোকানগুলোয় আগের তুলনায় কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল রয়েছে। বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো বাজারে কম পরিমাণে তেল সরবরাহ করছে। তারা সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়াতে চায় বলে সরবরাহকারীরা (ডিলার) জানিয়েছেন। অবশ্য সব বাজারে যে বোতলজাত সয়াবিনের সরবরাহ সমানভাবে কমেছে, বিষয়টি এমন নয়।
মুদিদোকানি হুমায়ুন কবীর বলেন, সয়াবিন তেলের সরবরাহ কমার আরও একটি কারণ রয়েছে। এক ও দুই লিটারের বোতল বিক্রি করলে লাভ পাওয়া যায় খুব কম। এ কারণে অনেক এলাকার ডিলার ও খুচরা বিক্রেতারা এই দুই আকারের বোতল কম বিক্রি করেন। সে তুলনায় পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি করলে তাঁদের লাভ বেশি থাকে।



