মেহেন্দিগঞ্জ উপজেলার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাতারহাট বন্দরের মধ্যবাজারে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন।
সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি মাহমুদ খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাইম মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিয়াজুর রহমান বলেন, দেশের আইন, নির্বাহী ও বিচার বিভাগের পর গণমাধ্যমের অবস্থান। কাজেই সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। তবে এ পেশায় খেয়াল রাখা জরুরি, যেন ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে কারও সুনাম বা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়। একটি সংবাদ তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন মাঠপর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে তা তৈরি করা হয়।
তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়নে অনেকেই আছেন, যারা দেশের জনপ্রিয় ও স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেন। আপনাদের লেখনীর মাধ্যমে মেহেন্দিগঞ্জের গণমানুষের কথা তুলে ধরবেন—এটাই প্রত্যাশা।
প্রধান বক্তা উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, একজন সাংবাদিক তখনই মানুষের আস্থার জায়গায় পরিণত হবেন, যখন তিনি তার লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরবেন। এর উল্টোটা হলে একসময় মানুষ পুলিশ দেখলে ভয় পেত, আর এখন সাংবাদিক দেখলে ভয় পাবে। তাই আপনাদের প্রতি আহ্বান, সত্য ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত সংবাদ তুলে ধরবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সহসভাপতি কবির হোসেন, সাদিকুর রহমান, বাকের উল ইসলাম ও নাসির হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রায়হান হাওলাদার ও রায়হান গাজী; সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান; দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম আসাদ; প্রচার সম্পাদক সাইদুল ইসলাম; সদস্য সিয়াম বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্য।
‘সত্য প্রকাশে আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলার সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় গঠিত হয় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ। প্রতিষ্ঠার পর সংগঠনটি সফলভাবে এক বছর পূর্ণ করেছে।



