জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। সংগঠনের সদস্যদের (রুকন) গোপন ভোটে তিনি আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হন। তিনি এর আগে পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ৩৫ বছর জেলা আমিরের দায়িত্ব পালন করা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুর রব। পরবর্তীতে আমির হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক নেতৃত্ব দেবেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নায়েবে আমির মাওলানা আব্দুর রবকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে গত ৯ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় ওই সম্মেলনে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন (সদস্য) অত্যন্ত গোপনীয়তায় ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সেই নির্বাচনের ভোট গণনার চূড়ান্ত ফলাফল অনুযায়ী কেন্দ্রীয়ভাবে মাওলানা আব্দুর রবকে পিরোজপুর জেলা আমির হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় ও ব্যক্তিগত পরিচিতি অনুযায়ী, মাওলানা আব্দুর রব ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯২ সালে পৌর আমীরের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১ সাল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সাল থেকে তিনি পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।