শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
No menu items!
spot_img

প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি গলাচিপার প্রধান খালের সংস্কার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের প্রধান খালের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানো হলেও এখনো শেষ হয়নি কাজ।

তিন বছর ধরে খালের বিভিন্ন অংশ খুঁড়ে ফেলে রাখায় ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে খালটি পরিণত হয়েছে ভাগাড়ে। এরইমধ্যে নির্মাণ করা হয়েছে সুইসগেট। তবে বাকি আছে দেড় কিলোমিটার খনন ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের কাজ। বাকি কাজ তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ন্যাচারাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী, কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় দুই দফা মেয়াদ বাড়ানো হয়। এরপরও প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

পাউবোর হিসাবে, প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ৪ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করেছে। তবে খালের দেড় কিলোমিটার অংশ খনন এবং দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের কাজ এখনো বাকি। আগে খনন করা অংশের দুই পাশের মাটিও ধসে পড়েছে। কোথাও কোথাও পলি জমে খাল আবার ভরাট হয়ে গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular